প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা করল বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর ২০২৫।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনে অংশ নিতে পারবেন। দ্বাদশ ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স অথবা অনার্স-মাস্টার্স সম্পন্ন হয়েছে, তারাও অংশগ্রহণের সুযোগ পাবেন।
সমাবর্তনের সফল আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, বেরোবির ছাত্র সংসদ ও হল সংসদ নীতিমালা সংশোধন করে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, চলতি মাসেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চূড়ান্ত হবে এবং চলতি বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে পাসের সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম জানান, সমাবর্তনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১২ অক্টোবর ২০২৫ উদ্বোধন করা হবে।
এ সময় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এনআই












